উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে হাঁস-মুরগির ঘর রক্ষায় পেতে রাখা শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত ও দুজন শিশু আহত হয়েছেন। ২২ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে ফকির চান নিজ বাড়িতে এই অবৈধ ফাঁদটি তৈরি করেছিলেন।
ওই বৈদ্যুতিক ফাঁদে রোহান (৫) ও মাহাদি (৪) নামের দুই শিশু আটকে পড়ে। তাদেরকে উদ্ধারের জন্য আফরোজা খাতুন (৩০) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর ছড়িয়ে পড়লে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়।
মেডিকেলে নেওয়ার পথে আফরোজা খাতুন মারা যান। এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ফাঁদ মানুষের প্রাণহানির কারণ হতে পারে বলে মনে করেন স্থানীয়রা।
হাঁস-মুরগি বা গবাদিপশু রক্ষায় এ ধরনের ফাঁদ ব্যবহার না করে নিরাপদ বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।