উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার একটি বিশেষ অভিযানে নগরীর আলোচিত ডিডিএন অফিসে হামলা ও ভাঙচুর মামলার অন্যতম আসামি মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজুকে (২৬) গ্রেফতার করা হয়েছে। গত ১১ জুলাই ২০২৬ তারিখে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের হোয়াটসঅ্যাপ নম্বরে দুই কোটি টাকা এককালীন এবং প্রতিমাসে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৩ জুলাই ২০২৬ তারিখে দুপুর ১২:১৫ থেকে ১২:৩০ টার মধ্যে ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চকবাজার থানাধীন মরিয়ম হাইটস ভবনের ৩য় তলায় অবস্থিত ডিডিএন অফিসে হামলা চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
এ ঘটনায় চকবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে গ্রেফতারকৃত রাজ্জাক দেশীয় অস্ত্র হাতে সর্বপ্রথম অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার এসআই মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে চান্দগাঁও থানাধীন সিএমবি টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রাজ্জাক ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের আলমগীর ফরাজী ও করিমজান বেগম দম্পতির ছেলে এবং বর্তমানে চান্দগাঁও থানার টেকবাজার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করতেন।
আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।