উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার অর্জন করেছে। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে আনানকে এ আন্তর্জাতিক স্বীকৃতির কথা জানানোর পাশাপাশি সনদের ডিজিটাল কপি পাঠিয়েছে। গত এপ্রিল মাসে পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই সে এই প্রতিযোগিতায় রচনাটি জমা দিয়েছিল।
প্রতিযোগিতায় আনান ‘দ্য রিদম অব আইডেন্টিটি’ শিরোনামে একটি রচনা জমা দেয় যেখানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক আদান-প্রদান ও পারস্পরিক সম্পর্কের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। রচনায় সে বৃষ্টিভেজা বিকেলে জামাইকান কিশোরী আমারার সঙ্গে পরিচয়, খাবার ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের পরিচিতি তুলে ধরে। এছাড়া লেখায় লালনগীতি, রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি, ভাওয়াইয়া এবং ভাষা আন্দোলনের ইতিহাসও স্থান পেয়েছে।
আন্তর্জাতিক এ স্বীকৃতি পেয়ে খুশি হলেও গত বছর গোল্ড অ্যাওয়ার্ড পেলেও এবার ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পাওয়ায় কিছুটা হতাশ আনান মুস্তাফিজ। তবে আগামী বছর আরও ভালো করার ক্ষেত্রে এবারের অর্জন তার জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সে জানিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালের কুইজ প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করেছিল।
আনান মুস্তাফিজের বাবা রহমান মুস্তাফিজ একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং তার মা কাজী তামান্না আর্ট নিউজ-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ও চিত্রশিল্পী। আনান ‘টক উইথ আনান’ শিরোনামে দেশি-বিদেশি সেলিব্রেটিদের নিয়ে একটি টক শো উপস্থাপনা করে যা তার ইউটিউব চ্যানেল ‘মুগলি’স ওয়ার্ল্ড’-এ প্রচারিত হয়। বহুমুখী প্রতিভার অধিকারী এই খুদে শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নিয়মিত গল্পও লিখে থাকে।