উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি ঘটনাস্থলে স্বীকার করেছেন।
গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেছিলেন। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী রয়েছেন—এমন তথ্য পেয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা–কর্মী সেখানে যান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন জানান, তাঁরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীকে অনশনরত অবস্থায় পেয়েছেন এবং তাঁরা সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেছেন, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা হিসেবে নিশ্চিত হওয়ার পর তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।