উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামীকাল থেকে রাজধানী ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। শুক্রবার সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খাঁন এবং পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। এবারের চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দলের মোট ৬১৬ জন শাটলার অংশ নিচ্ছেন, যার মধ্যে ৮১ জন নারী এবং ৫৩৫ জন পুরুষ খেলোয়াড় রয়েছেন।
এই প্রতিযোগিতায় মোট ১০ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি মোটরসাইকেল। প্রাইজমানির মধ্যে পুরুষ একক রানার আপ ১ লাখ টাকা, মহিলা একক চ্যাম্পিয়ন ১ লাখ টাকা, মহিলা একক রানার আপ ৬০ হাজার টাকা, পুরুষ দ্বৈত চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার টাকা এবং মিক্সড ডাবলস রানারআপ পাবে ৬০ হাজার টাকা। এছাড়া পুরুষ একক চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার টাকা।
জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনের প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ ঘটাতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ফেডারেশন আশা করছে। এবারের চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, জেডএসআরএম, নোহা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।