উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এবং শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পাশাপাশি পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দীপ ও আমবাগানে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।