উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের মেয়েদের উচ্চতা ভীতি দূর করে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতে নিয়েছে প্রতিবেশী দেশটি।
ম্যাচের শুরুর ১০ মিনিটে লড়াই হয়েছিল সমানে সমান। আনা আলোনসো ফ্রাগুয়ার দল প্রথমার্ধে ৯-১৪ গোলে পিছিয়ে থাকলেও পরের অর্ধেই দৃশ্যপট দ্রুত বদলাতে থাকে এবং ভারত ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সাকিবা-নিশিরা একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন।
বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা অবিশ্বাস্যভাবে প্রতিহত করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভারতের গোলকিপার দিকশা কুমারী। এছাড়া এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাবনা শর্মা। এর আগে বুধবার মালদ্বীপকে হারিয়ে প্রতিযোগিতার ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল।
ফাইনাল ম্যাচ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (এমপি)। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।