উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে জ্বালানি তেল ও এলপিজি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে আছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এখন একজন মানুষ বাজারে গেলে একটা বা দুইটা আইটেমের বেশি সবজি কিনতে পারে না এবং একটি মধ্যবিত্ত পরিবার মাসে যে ডিম খেত, তা অর্ধেকের বেশি তাদের নামিয়ে আনতে হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। কারওয়ান বাজার থেকে প্রচারপত্র বিতরণ শুরু করার কারণ ব্যাখ্যা করে নাহিদ বলেন, এটি কাঁচাবাজারের কেন্দ্র এবং এখানে চাঁদাবাজি ও দখলদারির কথা শোনা যায়। দেশের যেসব জায়গায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার ও সিন্ডিকেটবাজরা জনগণের দুর্ভোগ তৈরি করছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব বাহিনীকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারকে গণবিরোধী ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, সার্বিক ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে একধরনের সমঝোতা করে দেশ চালাচ্ছে।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, ৩০ অক্টোবর বেলা তিনটায় শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং সবাইকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানান। এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে ঢাকা শহরে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান ও গণবিক্ষোভ চলমান থাকবে বলে জানান নাহিদ ইসলাম। বক্তব্য পর্ব শেষে কারওয়ান বাজারে ঘুরে ঘুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে প্রচারপত্র তুলে দেন এনসিপির নেতারা।