উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর গত বৃহস্পতিবার দুপুরে নিজেদের ওয়েবসাইটটি বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। আজ রাত ৮টা ৪৪ মিনিট পর্যন্ত ওয়েবসাইটটি ব্যবহারকারীদের জন্য পুরোপুরি অপ্রবেশযোগ্য ছিল।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট এখনো চালু করা হয়নি। তবে সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংকের সংযোগ স্বাভাবিকভাবেই কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করলেও ওয়েবসাইট চালুর সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
বর্তমানে ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে একটি রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখতে পান ব্যবহারকারীরা। ওই বার্তায় উল্লেখ করা হয় যে, সেবাটি এখন রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং শিগগিরই তা আবার চালু করা হবে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার থেকেও বৈশ্বিক সাইবার নিরাপত্তা দুর্বলতা নিয়ে একটি সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অতীতেও বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল। ২০১৬ সালে হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। এছাড়া ২০২৩ সালের সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায়ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক তাদের বেশ কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছিল।