উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওলেশকি শহরে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার দখলে রয়েছে। হোয়াইট হাউস থেকে শুক্রবার এই ঘোষণার পর ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর হবে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, এটি বাস্তবায়নের সময় নির্ধারণ নিয়ে সামরিক বাহিনী কাজ করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে এবং এর অংশ হিসেবে এই ঘোষণা এল। হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে মেলানিয়া ট্রাম্প বলেন, ওলেশকির পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক এবং শহরটি ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি জানান, সাধারণ মানুষ সীমিত বিদ্যুৎ পাচ্ছেন, মাইন পাতা সড়কে বাস করছেন এবং নিয়মিত সামরিক হামলার শিকার হচ্ছেন।
ফার্স্ট লেডি উল্লেখ করেন, তাঁর হস্তক্ষেপ ছাড়া শহরে মানবিক সহায়তা পৌঁছানো এবং প্রবীণদের নিরাপদে সরিয়ে নেওয়া অসম্ভব হতো। তাঁর প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে এই যুদ্ধবিরতির শর্তগুলো নির্ধারণ করতে সরাসরি রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে কাজ করেছেন। শহরের সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে দুই দেশের বেসামরিক নেতারা একসঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
যুদ্ধের আগে ওলেশকি শহরের জনসংখ্যা ছিল ২৪ হাজার এবং যুদ্ধক্ষেত্রের দক্ষিণ-পূর্ব সীমান্তে এর অবস্থান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর প্রথম দিনেই শহরটি দখল করে নেয়। এর পর থেকেই শহরটি অত্যন্ত গোলযোগপূর্ণ পরিস্থিতিতে রয়েছে।