উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এর আগে একই স্থানে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলন স্মরণ করিয়ে দেয় যে অতীতের ফ্যাসিবাদী আমলে মেধা হত্যা করা হয়েছিল এবং বর্তমান নব্য ফ্যাসিবাদও একই পথে হাঁটছে। জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের দৃশ্যমান বিচার এখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আঁতাত করে নতুন পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে।
ব্রিফিংয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতার অভিযোগ তুলে সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপির বিভিন্ন নেতা সংসদ নির্বাচনে তাদের দলের ৩০ শতাংশ ভোট আওয়ামী লীগের ভোট বলে দাবি করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও এ বিষয়ে কথা বলা হয়েছে এবং শেখ হাসিনা ও শামীম ওসমানের ফাঁস হওয়া অডিও কথোপকথনেও এর তথ্য রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে আযাদ বলেন, দেশে খুন, মাদক, ঘুষ, কালোবাজারি ও দুর্নীতি বেড়েছে। ঠাকুরগাঁওয়ে ১১-দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতো কারচুপির পরিকল্পনার খবর পাওয়া গেছে এবং এমন চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
আগামী ৩১ অক্টোবর সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচির উদ্বোধন হবে বলে জানানো হয়। কুষ্টিয়া জেলা হাইস্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। সংবাদ সম্মেলনে জামায়াত ও ১১-দলীয় জোটের বিভিন্ন শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।