উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়েছে৷ কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়।
এই পুনর্গঠনের মধ্য দিয়ে এনসিপির সাংগঠনিক কাঠামো থেকে সাতটি পদ কার্যত বিলুপ্ত হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক। তবে পুনর্গঠিত কমিটিতেও আগের মতো দুজন করে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব থাকছেন।
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ২১৭ সদস্যের কমিটি নিয়ে যাত্রা শুরু করেছিল এনসিপি। নতুন কমিটিতে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা এবং বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেলকেও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
দলীয় দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নেতাদের দক্ষতা বা পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। পুনর্গঠিত কমিটির শীর্ষ ছয়ে এনসিপির আট সংসদ সদস্যের মধ্যে তিনজন রয়েছেন। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের ১৬ জন সদস্যকে দলটির নেতৃত্বের 'সুপার সিক্সটিন' বলা হচ্ছে।