উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্যারিসের অদূরে ট্রাপেস ও লা ভেরিয়ের শহরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা হিসেবে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেন, মানুষের গায়ের রং ও ধর্মের কারণে তাঁদের নিশানা করেছেন হামলাকারী।
গতকাল শুক্রবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রাপেস শহরে গাড়ি থেকে গুলি চালাতে শুরু করেন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি। প্রায় ১৫ মিনিট ধরে চলা এই হামলায় অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ পরে সন্দেহভাজন হামলাকারী কেভিন টি-কে গ্রেপ্তার করেছে।
আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে, যার শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। শিশুটির মা ফরাসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাথায় স্কার্ফ পরে থাকার কারণে হয়তো তাঁর মেয়েকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর (পিএনএটি) জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তির আগে অপরাধের রেকর্ড থাকলেও তিনি গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিতে বা নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে তালিকায় ছিলেন না।
ট্রাপেসের মেয়র আলি রাবেহ বলেন, হামলাকারী একটি আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ব্যাপক হত্যাযজ্ঞ চালাতে চেয়েছিলেন। তিনি পেট্রলপাম্প, চিকিৎসাকেন্দ্র ও শিশুদের খেলার মাঠের মতো জায়গায় এলোপাতাড়ি গুলি চালান। এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।