উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ‘রেডিওআয়োডিন’ ক্যাপসুলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত এক মাস ধরে সরকারিভাবে সরবরাহকৃত এই ওষুধটি না থাকায় অপারেশন পরবর্তী চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন রোগীরা।
দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড থেকে আমদানিকৃত এই ক্যাপসুলটি শুধুমাত্র পরমাণু শক্তি কমিশনের অধীনস্থ ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সে’ পাওয়া যায়। এটি বেসরকারিভাবে বিক্রির কোনো অনুমতি নেই। চট্টগ্রামে প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৪ জন রোগী এই সেবা গ্রহণ করেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. পবিত্র কুমার ভট্টচার্য্য জানান, ক্যাপসুল সংকটের কারণে বর্তমানে অপারেশনকৃত রোগীদের অপেক্ষায় থাকতে বলা হয়েছে। তবে ওষুধ আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চিকিৎসকদের মতে, থাইরয়েড ক্যান্সার শনাক্তের পর অপারেশন এবং পরবর্তীতে রেডিওআয়োডিন থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো এই থেরাপি না নিলে ক্যান্সার কোষ শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। চমেক হাসপাতালে প্রতি মাসে গড়ে ৪ থেকে ৬টি এ ধরনের অপারেশন সম্পন্ন হয়।
ঘাড়ের গোড়ায় অবস্থিত থাইরয়েড গ্রন্থিতে হরমোনের তারতম্যের কারণে প্যাপিলারি, ফলিকুলার, মেডুলারি বা অ্যানাপ্লাস্টিক ক্যান্সার হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারলে অধিকাংশ রোগীই সুস্থ হয়ে ওঠেন।