উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়া নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা সিফাতুন নুর (২২) মারা গেছেন। টানা নয় দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহত সিফাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। গত ১৪ অক্টোবর সিফাতুনের মা নাস্তা নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গেলে নাস্তার পরিমাণ কম হওয়া নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগমসহ তিন নারী তাকে এবং তার মাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় সিফাতুনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের পরিবারের দাবি, মারধরের ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা সিফাতুন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অপপ্রচার চালিয়েছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মারধরের ঘটনায় আগেই একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।