উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পল্টন থানার পুলিশ জানিয়েছে, যাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে এবং তাঁর নাম–পরিচয় এখনো জানা যায়নি।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি জানান, ফুটপাতে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তির পরনে ছিল ময়লা লুঙ্গি ও কালো গেঞ্জি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতিমধ্যে পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম–পরিচয় শনাক্ত করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা চালানো হচ্ছে।