উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গুজরাটের বরোদা শহরে পারিবারিক বাড়ির লাগোয়া সাড়ে ১৪ কাঠারও বেশি জমি অবশেষে আইনত পেতে চলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। শুক্রবার বরোদা পৌরসভার স্ট্যান্ডিং কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে জবরদখলের অভিযোগ থেকে জমিটি মুক্ত করে তাঁর হাতে তুলে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে।
২০২৪ সালে পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা সদস্য হওয়ার পরই ৯৭৮ বর্গমিটারের এই জমি খালি করার নোটিশ দিয়েছিল বরোদা পৌরসভা। এ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই নামক দলে যোগ দেন ইউসুফ পাঠান। এরপর গত ৩১ আগস্ট তিনি গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে পৌরসভার বিরুদ্ধে করা মামলাটিও প্রত্যাহার করে নেন।
পৌরসভার স্ট্যান্ডিং কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯৭৮ বর্গমিটারের মধ্যে ৫০০ বর্গমিটার জমি ক্রিকেট অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউসুফ পাঠানকে উপহার দেওয়া হবে। বাকি ৪৭৮ বর্গমিটার জমি নগর উন্নয়ন কমিটির নির্ধারিত মূল্যের ওপর ৪৫ শতাংশ ছাড় দিয়ে ৫ কোটি ৬০ লাখ রুপিতে তাঁর কাছে বিক্রি করা হবে।
এর আগে ২০১২ সালে নিরাপত্তার স্বার্থে জমিটি ইজারা নেওয়ার আবেদন করেছিলেন ইউসুফ, যা ২০১৪ সালে খারিজ করে দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও দলবদলের প্রেক্ষাপটে জমি হস্তান্তরের এই তোড়জোড় শুরু হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে পৌরসভার বাইরে কংগ্রেস বিক্ষোভ দেখালেও বিজেপির সংখ্যাগরিষ্ঠ স্ট্যান্ডিং কমিটি কোনো বাধা ছাড়াই প্রস্তাবটি পাস করে।