উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সারা দেশে সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। গত ২২ অক্টোবর আয়োজিত এই কর্মসূচিতে ক্লাবটির ৮৪টি গ্রুপ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিলি এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর মাধ্যমে মোটরসাইকেল আরোহী, গণপরিবহনচালক ও পথচারীসহ সাধারণ মানুষের কাছে নিরাপদ সড়কের প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হয়।
পাশাপাশি দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসাসহ গুরুত্বপূর্ণ সড়কের স্পিড ব্রেকারগুলো চালকদের কাছে আরও দৃশ্যমান করতে রং করার উদ্যোগ নেন সদস্যরা। এসব কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেটের সঠিক ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীল সড়ক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।