উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর পল্টন থানার বায়তুল মোকাররম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের পল্টন থানা পুলিশ। শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যায় তাদের এই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়া ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বলে নিশ্চিত করা হয়েছে।
পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ১৯ জনের সবাই ভোলা ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছে। সন্ধ্যার দিকে বায়তুল মোকাররম এলাকায় একটি ঝটিকা মিছিল করার পরিকল্পনা ছিল তাদের।
গ্রেপ্তারকৃত সবাইকে পল্টন থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।