উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শ্যামলীতে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়েছেন এক সাংবাদিক ও তাঁর স্ত্রী। শনিবার সকাল সোয়া ৭টার দিকে শ্যামলীর শিশুমেলা এলাকায় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায়।
দৈনিক আমাদের সময়ের অপরাধবিষয়ক প্রতিবেদকদের প্রধান শাহজাহান আকন্দ শুভ আজিমপুরের বাসা থেকে স্ত্রীকে নিয়ে কল্যাণপুরে যাওয়ার পথে এই বিপাকে পড়েন। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার এসআই রকিবুল।
ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগে ৩৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও ঘড়িসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল। পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সন্দেহভাজন মোটরসাইকেলটি শনাক্ত করেছে।