উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৃথক ঘটনায় দুই হাজতির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন নোয়াখালীর রফিকুল ইসলাম (৫৯) এবং মাদারীপুরের মেহেদী হাসান কাজী (১৯)।
কারারক্ষী হারুন শেখ জানান, রফিকুল ইসলাম কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান কারান্তরীণ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, পরে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হলে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মেহেদীর মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের দাবিতে ঢামেক হাসপাতালে হট্টগোল ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহেদীর ভাই সাঈদ কাজীর অভিযোগ, সাত মাস আগে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে ডেঙ্গু আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।