উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে এবং এটি প্রতিরোধে যা যা প্রয়োজন তা করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।
এর আগে সমাজের বিভিন্ন অন্যায় দূর করতে জুমার খুতবার মাধ্যমে জনসচেতনতা তৈরির জন্য ইমামদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, মাদক, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইমামদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সম্মেলনে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির সরকারি পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের পর্যায়ক্রমে সরকারি সম্মানী কাঠামোর আওতায় আনা হবে।