উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন বোমাতঙ্ক ছড়িয়েছে। আজ শনিবার বেলা তিনটায় থাইল্যান্ডের ফুকেট থেকে আসা একটি বিমানে বোমা থাকার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ব্যাপক তল্লাশির পর জানা গেছে, বিমানে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফুকেট থেকে আসা বিমানটি কলকাতায় অবতরণের পর কেবিন ক্রুরা শৌচাগার পরিষ্কার করতে যান। তখন তাঁরা দেখেন, আয়নার ওপর লেখা বিমানের ভেতরে বোমা রাখা আছে। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের জানানো হয়।
মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয় এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দর পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই কেউ এই হুমকিবার্তা লিখে থাকতে পারে।
সূত্র জানায়, বার্তাটি কে লিখেছে, তা জানতে বিমানের যাত্রীতালিকা খতিয়ে দেখা হচ্ছে এবং বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে। বারবার এমন ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, শুক্রবারও এই বিমানবন্দরে ভুয়া তথ্য ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেদিন বিমানবন্দরের নারীদের শৌচাগারে একটি হুমকি-চিরকুট পাওয়া যায়। তাতেও দাবি করা হয়েছিল, বোমা রাখা আছে। তবে সেটিও ভুয়া ছিল বলে জানা গেছে।