উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত বছরের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানি ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে, যা গত বছরের আগস্টে ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্টে বিশ্ববাজার থেকে ইইউর ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ গত বছরের আগস্টের ৩০ দশমিক ৮ শতাংশ থেকে সামান্য বেড়ে চলতি বছরের আগস্টে ৩১ দশমিক ২ শতাংশ হয়েছে।
তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসের হিসাবে ইইউতে বাংলাদেশের ডেনিম রফতানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এই রফতানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো, অর্থাৎ এই সময়ে রফতানি কমেছে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, পোশাক আমদানিতে সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতা থাকা সত্ত্বেও শক্তিশালী সরবরাহব্যবস্থা ও প্রযুক্তির কারণে বাংলাদেশ শীর্ষস্থান ধরে রেখেছে। বৈশ্বিক ডেনিম শিল্পে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বজায় রাখতে উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং টেকসই উন্নয়নের শর্ত পালনের ওপর জোর দিয়েছেন তিনি।