উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে। একই সঙ্গে জব্দ করা হবে সংশ্লিষ্ট দোকানের সব মালামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
আজ শনিবার রাজধানীতে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত বিশেষ মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, অবৈধ দোকান সরাতে এতদিন অনুরোধ করা হলেও এখন থেকে আর কোনো অনুরোধ করা হবে না, সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবারও উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না এবং মানবিকতার দোহাই দিয়ে ফুটপাত দখলের সুযোগ রাখা হবে না।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। এ ছাড়া সিআইডি কার্যালয়ের সামনে থাকা বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং চলতি মাসেই নতুন এসটিএসের নির্মাণকাজ শেষ হবে।
শনিবারের এই পরিচ্ছন্নতা অভিযান সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে সিটি করপোরেশনের কর্মisten পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন এবং সচেতনতামূলক র্যালি বের করা হয়।