উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তুরস্কে সাংবাদিকদের গ্রেপ্তার এবং সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ইস্তাম্বুল ও আঙ্কারা শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিরোধী দলের প্রতিনিধিরা। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হতে থাকে এবং ব্যাপকভাবে মামলা দেওয়া শুরু হয়।
তুরস্কের সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, গত দুই মাসে ১১ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে এবং বেশ কয়েকটি সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের তথ্যমতে ইস্তাম্বুলের এশীয় অংশে অন্তত তিন হাজার মানুষ জড়ো হন এবং তাঁদের হাতে ছিল বন্দী সাংবাদিকদের ছবি। চলতি মাসের শুরুর দিকে জনপ্রিয় নিউজ চ্যানেল হাল্ক টিভিতে পুলিশ অভিযান চালিয়ে সম্প্রচার বন্ধ করে দেয় এবং সরকার নিযুক্ত প্রশাসক বসায়।
এর আগে শীর্ষস্থানীয় ডিজিটাল সংবাদমাধ্যম টি২৪-এর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি ছিল যে ওই সংবাদমাধ্যম এলজিবিটি প্রোপাগান্ডা চালাচ্ছিল। ইস্তাম্বুলের বিক্ষোভের পর প্রবীণ সাংবাদিক জাফের আরাপকিরলি এএফপিকে জানান যে এই সমাবেশ শুধু সাংবাদিকদের পক্ষে দাঁড়ানোর জন্য নয়, বরং সমাজের তথ্য পাওয়ার অধিকার রক্ষা করাও এর উদ্দেশ্য।
পুলিশের হিসাব অনুযায়ী আঙ্কারা শহরেও অন্তত তিন হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে সেন্সরশিপকে না বলুন এবং কারাবন্দী সাংবাদিকদের মুক্তি চাই বলে স্লোগান দেন। বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যম টি২৪-এর সমন্বয়ক গোকসার তাহিনসিওগ্লু আঙ্কারায় এএফপিকে বলেন যে সাংবাদিকেরা স্বাধীনভাবেই সাংবাদিকতা করতে চান এবং দ্রুত স্বাধীনভাবে খবর প্রকাশের পরিবেশ ফিরে পেতে চান।