উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় টাস্ক ফোর্সের অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৪০ হাজার ৭৩০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এসব তথ্য নিশ্চিত করেছেন। মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ২৪ ঘণ্টায় মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স এই পৃথক অভিযান পরিচালনা করে।
শনিবার বিকেলে বোরচর এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি মেঘনার শাখা নদীতে অভিযান চালায়।
মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজারে নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারি জাল দিয়ে মাছ শিকারের দায়ে ২০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না রিং জাল এবং ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক রুহুল আমিন জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। মা ইলিশ রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।