উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না এবং এই ঘটনায় কেউ হতাহত হননি। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মগবাজারে আসিফের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে এবং তাঁর গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে।
ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা এই গুলি চালিয়েছে এবং এর উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।