উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক একিউআই স্কোর ছিল ১৭১। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এই মেগাসিটি, আর একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর যার স্কোর ২১০।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর যার স্কোর ১৯১ এবং তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর যার স্কোর ১৮০। এ ছাড়া তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর যার স্কোর ১৭৮ এবং দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৪৪ থেকে ২১০-এর মধ্যে রয়েছে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে অস্বাস্থ্যকর গণ্য করা হয় এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে সেটিকে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়।
একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে তা ঝুঁকিপূর্ণ ধরা হয় এবং এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন।