উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন পেরিয়ে আজ শনিবার সকাল থেকেই বন্দরের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়ে ওঠে। এতে বন্দর এলাকা ও এর ব্যবহারকারীদের মাঝে আবারও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর ব্যবসায়ীদের আহ্বানে গত ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল।
এদিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই সজিব বালা জানান, বাণিজ্যের কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম খোলা ছিল। এর ফলে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ও অব্যাহত ছিল।