উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে সাতটি হামলা চালানোর দাবি করেছে। তাদের বিবৃতিতে জানানো হয়, দেশটির বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি এই হামলার লক্ষ্যবস্তু ছিল। রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে আরামকোর স্থাপনা ও রাবিগ তেল শোধনাগারও এই তালিকায় ছিল।
এ ছাড়া পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন, পাম্পিং স্টেশন, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিও লক্ষ্যবস্তু ছিল। পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই ঘটনায় দুই অঞ্চলে সিভিল ডিফেন্সের দল অংশ নেয় এবং পরিস্থিতি মোকাবিলায় অনুমোদিত জরুরি ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।
প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্র দুটির কিছু অংশ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় পড়ে। এ ছাড়া ধ্বংসাবশেষের খণ্ড জেদ্দার আল নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাস্তুরাহ সেন্টারে গিয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, তাদের অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে।