উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকায় শনিবার প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সংশ্লিষ্ট গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। একই সময়ে দেশটির মোচা শহরেও প্রায় ২০টি বিমান হামলা চালানো হয়।
হুতিদের সম্প্রচারমাধ্যম আল-মাসিরা টেলিভিশন সানায় ‘সৌদি শত্রুপক্ষের বিমান হামলার’ বিস্তারিত জানিয়েছে। তারা জানায়, একটি বাড়িতে চালানো হামলায় অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া সানা প্রদেশের একটি সিমেন্ট কারখানায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তাইফ ও ইয়ানবুর দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সেই সময় রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা তাইফ, ইয়ানবু, জেদ্দা এবং পবিত্র মক্কা নগরীসহ চারটি অঞ্চলে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল।
২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সংঘাতে সামরিক হস্তক্ষেপ করার পর থেকে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়। ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা শান্ত ছিল, তবে বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে গত জুলাই থেকে সেখানে সংঘাত পুনরায় শুরু হয়েছে।