উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাপানভিত্তিক প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার প্রস্তাব নিয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের ৩৫তম সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হয়।
প্রস্তাবটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক যাচাইয়ের পর পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করে এই এলএনজি আমদানির নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল।
এ ছাড়া পেট্রোবাংলা ও জেরাজিএমের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং টার্ম শিটের চূড়ান্ত করা নমুনায় স্বাক্ষরের নীতিগত অনুমোদন চাওয়া হয়। দীর্ঘ আলোচনা শেষে কমিটি প্রস্তাবটি লেজিসলেটিভ বিভাগের যাচাইয়ের জন্য প্রেরণের এই সিদ্ধান্ত গ্রহণ করে।