উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষা, আবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে তরুণদের তীব্র বিক্ষোভ। ফ্রান্স, ইতালি, স্পেন, সার্বিয়া, পর্তুগাল থেকে গ্রিস পর্যন্ত জেন–জি প্রজন্মের ক্ষোভে রাজপথ উত্তাল হয়ে উঠেছে। কোথাও অতিরিক্ত খরচে নিম্নমানের শিক্ষা, আবার কোথাও আবাসনসংকট তরুণদের প্রতিবাদী করে তুলেছে।
ফ্রান্সে সপ্তাহান্তে রাজধানী প্যারিসসহ মার্সেই, লিওঁ, লিল, অর্লেয়া ও বোর্দো শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শিক্ষার্থী সংগঠন ইউএনইএফের আয়োজিত মিছিলে শ্রমিক সংগঠন সিজিটি, কৃষক, জলবায়ুকর্মী এবং ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যরা অংশ নেন। গত সপ্তাহের সহিংসতা ও ধরপাকড়ের পুনরাবৃত্তি এড়াতে তৎপর রয়েছে দেশটির প্রশাসন।
এদিকে আলবেনিয়া ও সার্বিয়ায় দুর্নীতিবিরোধী বিক্ষোভ এখন সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছেন। তবে বিক্ষোভকারীরা অবিলম্বে নতুন সরকারের দাবি জানিয়েছেন। সার্বিয়ায় দুই বছর ধরে চলা আন্দোলনের মধ্যেই রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা শাসক আলেকসান্দার ভুসিচের জন্য বড় পরীক্ষা।
বিভিন্ন দেশে ক্ষোভের সূত্রপাত ভিন্ন ঘটনা থেকে ঘটেছে। স্পেনে ৮৭ বছরের মারিকারমেন অ্যাবাসকালকে বাড়ি থেকে উচ্ছেদের জেরে আবাসন সংকট নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে। আলবেনিয়ায় বিলাসবহুল প্রকল্প নিয়ে ক্ষোভ দেখা দেয়, যার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার জড়িত। ফ্রান্সে শিক্ষকসংকট ও স্কুলের দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তীতে সহিংস রূপ নেয়।
পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের ছাত্র সংগঠনগুলো পরস্পর যোগাযোগ বাড়াচ্ছে। ফ্রান্স ও স্পেনের শ্রমিক সংগঠনগুলো যথাক্রমে ৫ ও ১১ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে। জার্মানির ‘জেন–জেড রেগেল্ট’ সংগঠন ৩১ অক্টোবর বিক্ষোভের ডাক দিয়েছে এবং ২০ নভেম্বর ইতালি ও যুক্তরাজ্যের শিক্ষার্থীরা কর্মসূচি পালনের পরিকল্পনা করছে।
ইউরোপিয়ান করেসপনডেন্টের প্রধান সম্পাদক জুলিয়াস ফিন্টেলমান জানান, উদার গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙে পড়া এবং জমে থাকা হতাশা থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাবে কর্মসংস্থানের অনিশ্চয়তা ও জলবায়ু সংকটও তরুণদের ক্ষুব্ধ করেছে।
গ্রিসের এথেন্সে শিক্ষার্থীরা ফরাসি বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিনা মূল্যের শিক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন। ইতালির রোমেও ৭ অক্টোবর একটি স্কুলে ‘ফ্রান্সের মতো’ বার্তা দিয়ে প্রতিবাদ শুরু হয়। ইউরোপের তরুণ প্রজন্মের আশঙ্কা, তাদের মা-বাবার প্রজন্ম যেসব নাগরিক সুবিধা পেয়েছিল, বর্তমান বাস্তবতায় তারা তা থেকে বঞ্চিত হচ্ছে।