উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আগামী সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি দিক পরিবর্তন করে আগামী ২৮ অক্টোবর অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। রোববার দুপুর ১২টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার এবং কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এ ছাড়া এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার এবং পায়রা থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। এর কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।