উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে জাপানের প্রকৌশল প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিং। জাপান-বাংলাদেশ যৌথ সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্ল্যাটফর্মের আওতায় এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষণ কমানো ও বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বর্জ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন।
রোববার নগর ভবনে জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক এই কথা বলেন। সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে প্রতিনিধিদল জানায়।
জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরে এই সম্ভাব্যতা যাচাই করা হয় এবং গত জুলাইয়ে অষ্টম পিপিপি প্ল্যাটফর্ম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হয়। সাক্ষাতে জাপানি প্রতিনিধিদলের পাশাপাশি চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।