উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই দল অভিযান চালায়। সামারি ট্রায়াল, সন্ত্রাসবিরোধী, মাদক, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও সিআর ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়াল মামলার অভিযুক্ত ছয়জন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি দুজন এবং মাদক মামলার আসামি তিনজন রয়েছেন। এছাড়া চাঁদাবাজি মামলার আসামি দুজন, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামি আছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্প, পাইনাদি, সুমিলপাড়া, মিজমিজি, সাইলো ও বাগমারাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। এর বাইরে অন্য জেলা থেকে এসে সিদ্ধিরগঞ্জে বসবাসরত ব্যক্তিরাও এই গ্রেপ্তারদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।