উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের উত্তরাঞ্চলের বিভিন্ন দেশ। সেখানে দেড় লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। বন্ধ হয়ে গেছে মুঠোফোনের নেটওয়ার্কও।
সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে বয়ে যাওয়া বোয়েলো ও অস্টেন নামের দুটি ঝড়ে যুক্তরাজ্যে ৮২ হাজারের বেশি, ফ্রান্সে প্রায় ৬০ হাজার এবং জার্মানিতে অন্তত ১০ হাজার বাড়ি বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের আর্গাইল অ্যান্ড বিউট কাউন্সিল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।
ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল বা অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফলে রোববার কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় ৯০টি ফ্লাইট বাতিল হওয়ার হিসাব পেয়েছে এএফপি।