উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম (ডব্লিউআইএফ) ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট প্রমোশন কনফারেন্স’-এ এক মন্ত্রীপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী। ‘জলবায়ু অগ্রাধিকার থেকে বিনিয়োগ : জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিতকরণ’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি পরিচ্ছন্ন জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে আন্তর্জাতিক পুঁজি আকর্ষণের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, জ্বালানি খাতে রূপান্তরকে ত্বরান্বিত করতে বিনিয়োগ সহায়ক অবকাঠামো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চাহিদার সাথে জ্বালানি খাতের অগ্রাধিকারের সামঞ্জস্য বজায় রেখে কাজ করছে বাংলাদেশ।
আশিক চৌধুরী জানান, বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কৌশলে সরকারি সংস্থাগুলোর সাথে বিনিয়োগকারীদের যোগাযোগ সহজ করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে একটি একক প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থাকে একই ছাতার নিচে আনাকে একটি চ্যালেঞ্জিং প্রশাসনিক কাজ হিসেবে বর্ণনা করে তিনি জোর দিয়ে বলেন যে, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং সামগ্রিক বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সংস্থাসমূহের মধ্যকার বিচ্ছিন্নতা দূর করা অপরিহার্য। তিনি জানান, এই উদ্যোগের ফলে বিনিয়োগ উন্নয়ন, নীতি গবেষণা, শিল্পভিত্তিক জমির উন্নয়ন এবং লেনদেন কাঠামোর মধ্যে সমন্বয় সুদৃঢ় হবে।
তিনি আরো যোগ করেন, এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে অর্থায়নযোগ্য প্রকল্প তৈরি, উপযুক্ত জমির নিশ্চয়তা বিধান এবং সুনির্দিষ্ট ও অনুমেয় নীতি-কাঠামো প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আশিক চৌধুরী জানান, এই সমন্বিত বিনিয়োগ উন্নয়ন কাঠামো আন্তর্জাতিক তহবিল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যেমন লাভজনক প্রকল্পগুলোর সাথে সংযুক্ত করবে, তেমনি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়কেও দৃশ্যমানভাবে উন্নত করবে। তিনি উল্লেখ করেন যে, উন্নত প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে বিশেষ করে অবকাঠামো ও জ্বালানি খাতে জমি প্রাপ্তি, নিয়ন্ত্রণমূলক আইনি প্রক্রিয়া এবং বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প প্রস্তুতির দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো সমাধান করা সম্ভব হবে।
জাতিসঙ্ঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) আয়োজিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে বিশ্বজুড়ে নীতি-নির্ধারক, ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্রিত হয়ে বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বাংলাদেশকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সোমবার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে দেশের বিনিয়োগ সম্ভাবনা ও সুবিধাগুলো তুলে ধরবে ‘ইনভেস্ট বাংলাদেশ’। এই ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ দেখিয়ে দিতে চায় যে, প্রাতিষ্ঠানিক সংস্কার, উন্নত প্রকল্প প্রস্তুতকরণ এবং জোরালো কাঠামোগত সমন্বয়ের মাধ্যমে কিভাবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক মূলধন সচল রাখা এবং ক্লিন এনার্জির দিকে দেশের রূপান্তরকে ত্বরান্বিত করা সম্ভব। সূত্র : বাসস