উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের আগের রাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই দাবি করেন। রাশেদ বলেন, বিএনপি আগ্রহ না দেখানোর পর বাধ্য হয়ে আসিফ এনসিপিতে যোগদান করেছেন। রাশেদের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেছেন, তিনি এই বক্তব্যকে মন্তব্য করার মতো গুরুত্বপূর্ণ মনে করেন না।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও লেখেন, মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলেন এবং তাঁরা দুজন নিশ্চিত হওয়ার জন্য বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, তা বিএনপি চায়নি বলে জানান তিনি। মাহফুজ আলম বিএনপিতে সুযোগ না পেয়ে নৈতিকতা ধরে রেখেছেন উল্লেখ করে রাশেদ তাঁর সততাকে সাধুবাদ জানান। রাশেদের এই অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, মিথ্যা কথা বলার জন্যই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতা নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। নাহিদ সাত মাসের মাথায় সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন এবং মাহফুজ ও আসিফ গত ১০ ডিসেম্বর সরকার থেকে পদত্যাগ করেন। এরপর ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দিয়ে দলের মুখপাত্র হন আসিফ মাহমুদ এবং বর্তমানে তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার বিষয়টির সঙ্গে একমত হতে না পারায় মাহফুজ আলম দলটিতে যোগ দেননি।
বেশি আসনে সমঝোতা করার জন্য এনসিপির শীর্ষস্থানীয় এক ডজন নেতা সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে থাকতেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তিনি লিখেছেন, বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি এবং বেশি আসন ও নির্বাচনী খরচ পেয়েই জামায়াত জোটে গেছে এনসিপি। এনসিপির নতুন রাজনীতি সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি বলে মন্তব্য করে তিনি বলেন, জামায়াত-এনসিপির ৯০ জন সংসদ সদস্যের মেধা ও যোগ্যতা এক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সমান নয়। রাশেদ লিখেছেন, বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে, তাই এনসিপি জামায়াত বিএনপির কাছ থেকে বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নেই।