উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় ভারতীয় জনতা পার্টির অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে তাদের প্রভাব বিস্তারে সক্রিয় হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিগত ২০১১ সালে পশ্চিমবঙ্গে সংঘের মাত্র ৫৮০টি শাখা ছিল যা ২০২৪ সালের মে মাসের মধ্যে বেড়ে দাঁড়ায় প্রায় ৫ হাজার।
১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত একটি বিশেষ ১০ দিনের জনসংযোগ অভিযান চালানো হয় এবং এই সময়ে চালু করা হয়েছে আরও পাঁচ হাজারের বেশি নতুন শাখা। এর ফলে পুরো পশ্চিমবঙ্গে সংঘের শাখার সংখ্যা পৌঁছেছে প্রায় ১০ হাজারে বলে আরএসএসের দক্ষিণবঙ্গের প্রচারপ্রধান বিপ্লব রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
প্রতিটি জেলায় বর্তমানে গড়ে ২০০টির মতো শাখা ক্রিয়াশীল রয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং নতুন শাখাগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রোববার থেকে লক্ষ্মীপূজার পর নতুন সদস্য সংযোজনের উদ্দেশ্যে শাখাগুলোর কার্যক্রম আরও মনোগ্রাহী করে তুলতে সাত দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
দৈনন্দিন কর্মসূচিতে রাখা হয়েছে শারীরিক ব্যায়াম ও সূর্য নমস্কারের পাশাপাশি কাবাডি খেলা ও লাঠি খেলার মতো ঐতিহ্যবাহী ভারতীয় ক্রীড়া চর্চা। উত্তর কলকাতায় সংঘের ঐতিহ্যবাহী প্রধান দপ্তর কেশব ভবনে স্থানসংকট দেখা দেওয়ায় নিউ টাউনে কেশব স্মৃতি নামে একটি নতুন পাঁচতলা কার্যালয় স্থাপন করা হয়েছে।