উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুরে একটি গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র হরিসভা মন্দিরের পূজামণ্ডপ প্রাঙ্গণে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও সংশ্লিষ্ট এলাকায় ৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে এসআরবি-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু. মাসুদুর রানা জানান, ময়মনসিংহ অঞ্চলের টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ—এই ছয় জেলাসহ কুড়িগ্রাম, রৌমারী ও রাজিবপুর এলাকার মোট ৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মধুপুর উপজেলার ৬০টি পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে জলছত্র হরিসভা মন্দিরের পূজামণ্ডপটি পরিদর্শন করা হয় এবং পূজার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উক্ত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআরবি টাঙ্গাইলের কমান্ডার ইফতেখার হোসেন এবং মধুপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।