উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর দুর্গাপুরে জিয়া পরিষদের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে আহ্বায়ক ও সদস্যসচিব পদে একাধিক ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখা। গত শনিবার সকাল সাড়ে ১০টায় দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সিনিয়র সহসভাপতি ড. মোজাফফর রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর মুহাম্মদ সালাহউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই দেশ এগিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে জনবান্ধব দৃষ্টিভঙ্গি অনুসরণ করা উচিত। তিনি আরও বলেন, পকেট কমিটির মাধ্যমে সংগঠন দুর্বল করার পরিবর্তে যোগ্য, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতৃত্বকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব দিতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জিয়া পরিষদ একটি সুসংগঠিত সংগঠনে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কাউন্সিল অধিবেশনে দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক পদে গোলাম মর্তুজা মৃধা এবং সদস্যসচিব পদে মো. বাবলু সরকার ও আব্দুল মান্নানের নাম প্রস্তাব করা হয়। অন্যদিকে পৌর জিয়া পরিষদের আহ্বায়ক পদে মো. নাজমুল হোসাইন ও আবু সাঈদ এবং সদস্যসচিব পদে মো. নুরুল হুদা ও গোলাম মোস্তফার নাম প্রস্তাব করা হয়েছে। এর আগে গত গত ৪ অক্টোবর রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আগের বিতর্কিত কমিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল।