উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাকরাইদ চৌরাস্তা মোড় থেকে ৭৫ বছর বয়সী ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল খালেক উপজেলার বোকারবাইদ নতুন বাজার এলাকার মৃত বসু চকদারের ছেলে।
গত সোমবার বেলা আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী আব্দুল খালেক কলা দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন। পরে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এবং দীর্ঘ সময় ধরে শিশুটি বাড়ি না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। শিশুটির মা খালেকের বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান এবং টিনের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে শিশুটিকে পোশাক খোলা অবস্থায় দেখতে পান।
এ সময় অভিযুক্তকে ধর্ষণচেষ্টারত অবস্থায় দেখতে পাওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে। শিশুটির মা চিৎকার করে দরজার ছিটকিনি আটকে দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত জোরপূর্বক ছিটকিনি খুলে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় আব্দুল খালেককে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হকের নির্দেশনায় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারে তৎপর ছিল বলে জানানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।