উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পল্লী সঞ্চয় ব্যাংক সরকারের অনুকূলে ঘোষিত ৬০ কোটি টাকার লভ্যাংশ আনুষ্ঠানিকভাবে সরকারি কোষাগারে জমা দিয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের চেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়। পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।