উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ দলমত ও রাজনৈতিক পরিচয় ভুলে এক টেবিলে বসেছেন। গত রাতে মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে এক সামাজিক প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন রাজনৈতিক পরিচয় থাকলেও এলাকার নিরাপত্তা ও সমাজ সংস্কারের স্বার্থে কেউ কোনো দলীয় পদবি ব্যবহার করেননি।
একটি অপরাধমুক্ত সমাজ গঠনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বয়োবৃদ্ধরা মসজিদ প্রাঙ্গণেই অনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করার দৃঢ় শপথ গ্রহণ করেন। সভায় রাশেদ হোসেন দুলু সিকদার, আমান উল্লাহ আমান, মুজিবুর রহমান সিকদার, লায়ন নিজাম উদ্দীন মিজান, আব্দুর রহিম, মোহাম্মদ তানজিম মিন্টু ও আকতার হোসেনসহ এলাকার সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে চুরি, মাদক সেবন ও কেনাবেচা, জুয়া এবং ইভটিজিংয়ের মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কয়েকটি কঠোর ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্রতিটি বাড়িতে গিয়ে মাদকের কুফল তুলে ধরা এবং রাত ১২টার পর রাস্তায় অযথা আড্ডা ও অহেতুক চলাফেরা বন্ধ রাখা। এছাড়া, যেসব নির্জন স্থানে মাদকের আড্ডা বসে, সেসব স্থানে সরাসরি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ আমান বলেন, আমরা কোনো রাজনৈতিক স্বার্থে নয়, নিজেদের এলাকার ভবিষ্যৎ রক্ষা করতে এবং শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। ১০০% সফলতা না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে প্রয়োজনে প্রশাসনের সহায়তায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই সামাজিক ঐক্য দ্রুতই পুরো এলাকাকে একটি নিরাপদ জনপদে পরিণত করবে।