উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাজিলের বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তিনি পুনর্নির্বাচিত হওয়ায় দেশের গণতন্ত্র সুরক্ষিত হয়েছে। ব্রাজিলের সাও পাওলোতে উৎফুল্ল সমর্থকদের সমাবেশে দেওয়া বিজয়ী ভাষণে লুলা এ কথাগুলো বলেন। নির্বাচনে লুলা নাটকীয় জয় পেয়েছেন এবং এ জয়ের মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় বসছেন।
দ্বিতীয় দফার এ নির্বাচনে তিনি কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে সামান্য ব্যবধানে হারিয়েছেন। লুলা তাঁর ভাষণে বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি সবার সঙ্গে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করবেন। ব্রাজিলের জনগণের নির্বাচিত কংগ্রেসের সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়ে লুলা বলেন, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি হস্তক্ষেপের চেষ্টা হয়েছিল যা ব্রাজিল প্রতিহত করেছে। বিজয়ী ভাষণে লুলা আবার জোর দিয়ে বলেন, ব্রাজিল কারও বাড়ির পেছনের উঠান হয়ে থাকা মেনে নেবে না।
বিজয়ে ভূমিকা রাখায় লুলা তাঁর নির্বাচনী প্রচারের সমন্বয়কারীদের ধন্যবাদ জানিয়েছেন এবং ব্রাজিলের মানুষের উদারতার প্রশংসা করেছেন। তিনি তরুণদের ধন্যবাদ জানিয়েছেন কারণ তাঁরা ব্রাজিলের গণতন্ত্র রক্ষায় রাস্তায় নেমেছিলেন।