উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে ইংরেজি মাসের জোড় তারিখে লাল রঙের এবং বিজোড় তারিখে সবুজ রঙের অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকেই এই নতুন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলামের উদ্যোগে এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গুরুত্বপূর্ণ এই আলোচনা সভায় মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন নিয়ম অনুযায়ী ইংরেজি মাসের জোড় তারিখে শুধু লাল রঙের এবং বিজোড় তারিখে কেবল সবুজ রঙের অটোরিকশা চলাচল করতে পারবে। পৌর শহরের বিভিন্ন সড়কে অটোরিকশার অতিরিক্ত চাপ কমানো এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নির্ধারিত এই নিয়ম অমান্য করে কোনো অটোরিকশা চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন আশা করছে যে, এই নিয়ম বাস্তবায়নের মাধ্যমে শহরের দীর্ঘদিনের যানজট পরিস্থিতির অনেকাংশেই উন্নতি ঘটবে।