উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না থাকা এবং কোনো প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গত রোববার অনুষ্ঠিত প্রথম দফা ভোটে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফা ভোটে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ও সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুথফেরত জরিপে দেখা গেছে, ইলিয়ানা ইয়োতোভা ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন এবং আন্দ্রেই গিউরভ ৩১ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। বুলগেরিয়ার ন্যাশনাল টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরজিয়েভ জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোট কেনাবেচা বা কারচুপির ঘটনা ঘটেনি। প্রথম দফায় জয়ী হতে নিবন্ধিত ভোটারদের ৫০ শতাংশের বেশি ভোট দেওয়া এবং কোনো প্রার্থীকে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পাওয়ার নিয়ম রয়েছে।
ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ বুলগেরিয়ার এবারের নির্বাচনে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনমত জরিপ সংস্থা মেজারের তথ্য অনুযায়ী, রোববার রাত ৮টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র ২২ দশমিক ২ শতাংশ। ভোটের আগে জ্বালানির দাম, মূল্যস্ফীতি, কৃষ্ণসাগরে হামলা ও ইউক্রেন যুদ্ধ প্রধান আলোচ্য বিষয় ছিল এবং প্রার্থীরা ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন।