উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করা হয়েছে। রোববার দুপুরে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আজাদ ট্রেডিং নামের ওই প্রতিষ্ঠানের গোডাউনের বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস আমদানি এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগও প্রমাণিত হয়।
এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৩০০ বোতল গ্যাস সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।